আলহামদুলিল্লাহ, আমরা সবসময় তোমার সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেই। আমরা বিশ্বাস করি, একটি সফল কেনাকাটার ভিত্তি হলো বিক্রেতা এবং ক্রেতার মধ্যে পারস্পরিক বিশ্বাস ও স্বচ্ছতা।
তোমাদের অনেকের মনেই প্রশ্ন আসে, “আমরা কেন ‘ক্যাশ অন ডেলিভারি’ (COD) সেবাটি রাখি না?”
এই সিদ্ধান্তের পেছনে রয়েছে কিছু কঠিন বাস্তবতা এবং তিক্ত অভিজ্ঞতা, যা আজ আমরা তোমার সাথে খোলাখুলিভাবে শেয়ার করতে চাই।
‘ক্যাশ অন ডেলিভারি’-এর কঠিন বাস্তবতা
একটি ই-কমার্স সাইট হিসেবে আমরা প্রতিদিন অসংখ্য অর্ডারের মুখোমুখি হই। যখন ‘ক্যাশ অন ডেলিভারি’ চালু ছিল, আমরা দেখেছি যে এর সুবিধার চেয়ে অপব্যবহারই বেশি হচ্ছিল।
১. বিপুল পরিমাণ “ফেক অর্ডার”: অর্ডার কনফার্ম করার জন্য আমাদের টিম থেকে কল দেওয়ার পরও, দেখা যেতো পার্সেল পাঠানোর পর প্রায় ২০% অর্ডার নানা অজুহাতে ফেরত আসছে।
২. হয়রানিমূলক অজুহাত: রাইডার পণ্য নিয়ে পৌঁছে গেলে শোনা যেতো অসংখ্য ফালতু অজুহাত, যেমন: “এখন টাকা নেই”, “আমি তো লোকেশনে নেই”, “অর্ডার যে করসে সে মারা গেছে” (যা সম্পূর্ণ মিথ্যা) অথবা সবচেয়ে কমন—রাইডারের কলই আর রিসিভ না করা।
৩. দ্বিগুণ আর্থিক ক্ষতি: তোমার একটি অর্ডারের পেছনে আমাদের অনেক খরচ জড়িত। একটি পার্সেল তোমার ঠিকানায় পাঠাতে আমাদের একটি কুরিয়ার চার্জ দিতে হয়। তুমি যখন সেটি গ্রহণ করলে না, সেই পার্সেলটি আমাদের ওয়্যারহাউসে ফেরত আনতেও আমাদের আবারও একটি রিটার্ন চার্জ (ডাবল খরচ) দিতে হয়। এই পুরো টাকাই আমাদের লোকসান।
৪. পণ্যের অপূরণীয় ক্ষতি: আমাদের পণ্য, বিশেষ করে শাড়ি, খুব যত্ন করে প্যাক করতে হয়। যখন একটি পার্সেল ঢাকা থেকে অন্য কোনো জেলায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে আবার ফেরত আসে, তখন টানা-হেঁচড়ায় সেটির প্যাকেজিং নষ্ট হয়, ভাঁজ ভেঙে যায় এবং অনেক সময় পণ্যটি এমনভাবে ক্ষতিগ্রস্ত হয় যে তা আর অন্য কোনো প্রকৃত ক্রেতার কাছে বিক্রি করা যায় না।
৫. শ্রম ও সময়ের অপচয়: প্রতিটি অর্ডার কনফার্ম করা, যত্নসহকারে প্যাক করা এবং কুরিয়ারে বুকিং দেওয়ার পেছনে আমাদের টিমের যে শ্রম ও সময় ব্যয় হয়, একটি ফেক অর্ডারের কারণে তা সম্পূর্ণ বৃথা যায়।
আমাদের সিদ্ধান্ত: কেন শুধু অগ্রীম পেমেন্ট?
এইসব হয়রানিমূলক “ফেক অর্ডার” এবং অসাধু ব্যক্তিদের থেকে আমাদের ব্যবসাকে সুরক্ষিত রাখতে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ—আমাদের প্রকৃত ক্রেতাদের স্বার্থে, আমরা ‘ক্যাশ অন ডেলিভারি’ সেবাটি সম্পূর্ণ বন্ধ করার মতো কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি।
অগ্রীম পেমেন্ট সিস্টেমটি ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্যই স্বচ্ছতা নিশ্চিত করে:
- তোমার প্রতিশ্রুতি: অগ্রীম পেমেন্ট নিশ্চিত করে যে, তুমি পণ্যটি কেনার ব্যাপারে শতভাগ আন্তরিক।
- আমাদের প্রতিশ্রুতি: পেমেন্ট পাওয়ার সাথে সাথে পণ্যটি তোমার জন্য স্টক-আউট হয়ে যায় এবং আমরা সর্বোচ্চ যত্নের সাথে সেটি তোমার কাছে পাঠাতে প্রতিশ্রুতিবদ্ধ থাকি।
- টেকসই সেবা: এই সিস্টেমটি ফেক অর্ডারের লোকসান থেকে আমাদের বাঁচায়, যার ফলে আমরা আমাদের পণ্যের মান ধরে রাখতে পারি এবং প্রকৃত ক্রেতাদের নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যেতে পারি।
আমরা জানি, এই পলিসির কারণে হয়তো কিছু ক্রেতার সাময়িক অসুবিধা হতে পারে, কিন্তু একটি সুস্থ ও টেকসই ব্যবসায়িক পরিবেশের জন্য এই পদক্ষেপটি অপরিহার্য।
তোমার প্রতিটি অগ্রীম পেমেন্ট আমাদের কাছে ১০০% সুরক্ষিত। তোমার আস্থার জন্য ধন্যবাদ।
সৎ এবং প্রকৃত ক্রেতাদের জন্য আমাদের ভালোবাসা ও সেরা সেবা সবসময় অটুট থাকবে।
Add comment